বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে এসে পুলিশ সদস্য আটক

শহিদুল ইসলাম

এপ্রিল ১৮, ২০২৬, ০৮:৩৭ পিএম

প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে এসে পুলিশ সদস্য আটক

ছবি-দিনাজপুর টিভি

নীলফামারীতে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে পরিবারের হাতে আটক হয়েছেন আতিকুর রহমান নামে এক পুলিশ সদস্য। বর্তমানে তিনি নীলফামারী জেলা পুলিশ লাইন্সে কর্মরত রয়েছেন। শুক্রবার রাতে ডোমার উপজেলার সদর ইউনিয়নের হুজুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দীর্ঘ সময় আটকে রাখার পর গভীর রাতে মুচলেকা নিয়ে তাকে উদ্ধার করে ডোমার থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত আতিকুর রহমান কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ হরিরামপুর এলাকার হোসেন আলীর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আতিকুর আগে ডোমার থানায় কর্মরত থাকার সময় ওই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তিনি ওই নারীর শ্বশুর-শাশুড়িকে ‘ধর্ম বাবা-মা’ সম্বোধন করতে শুরু করেন। 

সেই সুবাদে প্রায়ই তিনি স্ত্রী-সন্তান নিয়ে ওই বাড়িতে যাতায়াত করতেন এবং গৃহবধূর সঙ্গেও তার যোগাযোগ তৈরি হয়। এমনকি তারা ব্যক্তিগত ও সাংসারিক নানা সমস্যা নিয়েও নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করতেন।

সাংসারিক মনোমালিন্যের কারণে প্রায় চার মাস আগে আইনি পরামর্শ নিতে নীলফামারী আদালতে আতিকুরের সঙ্গে যান ওই গৃহবধূ। বিষয়টি জানাজানি হওয়ার পর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে এবং তিনি বাবার বাড়িতে গিয়ে অবস্থান করতে থাকেন। শুক্রবার জুমার নামাজের পর যখন দুই পরিবারের মধ্যে সমঝোতা করে তাকে শ্বশুরবাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছিল, ঠিক তখনই আতিকুর রহমান সেখানে হাজির হন। তিনি ওই গৃহবধূকে শ্বশুরবাড়িতে না পাঠিয়ে সরাসরি নিজেকে বিয়ের প্রস্তাব দেন। এ নিয়ে গৃহবধূর স্বজনদের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে একটি ঘরে আটকে রাখেন।

ভুক্তভোগী গৃহবধূ জানান, আতিকুরের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ ছিল এবং তিনি বিশ্বাস করে তাকে সব সমস্যার কথা জানাতেন। তবে আদালতে যাওয়ার পর থেকে তার পারিবারিক জীবন ও সংসার সংকটের মুখে পড়েছে। তিনি বলেন, যদি আমার সংসার না টিকে, তবে এর জন্য আতিকুরই দায়ী থাকবেন। এদিকে ওই গৃহবধূর শ্বশুর জানান, আতিকুর ধর্মীয় সম্পর্কের দোহাই দিয়ে তাদের বাড়িতে আসত। কিন্তু চার মাস আগে কোনো তথ্য ছাড়াই তার ছেলের বউকে নিয়ে আদালতে যাওয়ায় তারা বিষয়টি সন্দেহের চোখে দেখছেন।

অভিযুক্ত পুলিশ সদস্য আতিকুর রহমান বিয়ের প্রস্তাব দেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি দাবি করেন, পরিবারটির সঙ্গে তার দীর্ঘদিনের ধর্মীয় সম্পর্ক থাকায় তিনি তাদের খোঁজ নিতে যেতেন। ওই নারীর সঙ্গে তার স্বামীর সম্পর্ক ভালো না থাকায় তিনি গৃহবধূর বাড়িতে গিয়ে প্রস্তাব দিয়েছিলেন যেন তাকে ফিরিয়ে না দিয়ে তার সঙ্গে বিয়ে দেওয়া হয়। এ সময় কথা কাটাকাটি হলে পরিবারের লোকজন তাকে আটকে রাখে।

ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সদস্য আতিকুর বিয়ের প্রস্তাব নিয়ে এসে গৃহবধূর পরিবারের হাতে আটক হয়েছিলেন। পরে রাতেই মুচলেকা দিয়ে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। নীলফামারী পুলিশ লাইন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরআই) বদিউজ্জামান জানিয়েছেন, আতিকুর গত শুক্রবার রোল কলের সময় অনুপস্থিত ছিলেন এবং শনিবার সকালে কর্মস্থলে যোগ দিয়েছেন। বিভাগীয়ভাবে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।