এপ্রিল ২১, ২০২৬, ০৯:৪৬ এএম
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা তিনদিন সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার (২১-২৩ এপ্রিল) পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এই সময়ে বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকার পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্থগিত রাখা হয়েছে। সোমবার রাতে বন্দর কর্তৃপক্ষ ও ইমিগ্রেশন পুলিশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ এবং স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস যৌথভাবে এই তথ্য জানিয়েছেন।
তারা জানান, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনের কারণে ভারতীয় কর্তৃপক্ষ সীমান্ত দিয়ে ব্যবসায়িক কার্যক্রম এবং যাত্রী পারাপার বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে। ফলে দুই দেশের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে এবং পূর্বঘোষিত সিডিউল অনুযায়ী এই তিনদিন কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।সাপ্তাহিক ক্যালেন্ডার অনুযায়ী, টানা তিনদিন নির্বাচনের জন্য বন্ধ থাকার পর শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় সেদিনও বন্দরে কোনো ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে না।
ফলে টানা চারদিন পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকছে। তবে স্বস্তির বিষয় হলো, শুক্রবার সরকারি ছুটির দিনে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ওইদিন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত, নেপাল ও ভূটানে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।
দীর্ঘ বিরতি শেষে আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে বন্দরের সার্বিক আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। চারদিনের এই অচলাবস্থার কারণে সীমান্তে অনেক পণ্যবাহী ট্রাক আটকা পড়ার সম্ভাবনা রয়েছে, যা শনিবার থেকে পর্যায়ক্রমে খালাস করা হবে। দেশের একমাত্র এই চতুর্দেশীয় স্থলবন্দরটি দিয়ে নেপাল ও ভুটানের সাথেও বাণিজ্য চলে বিধায় এই বিরতির প্রভাব আঞ্চলিক বাণিজ্যেও কিছুটা পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন