এপ্রিল ২২, ২০২৬, ০৫:২৯ পিএম
পঞ্চগড়ের সদর উপজেলা সীমান্তে ঘুরতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছে দুই বাংলাদেশি কিশোর। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা ওই দুই কিশোরকে ধরে নিয়ে যায় বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
আটক হওয়া দুই কিশোর হলো আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)। তারা একে অপরের পরিচিত এবং ওই এলাকায় বেড়াতে এসেছিল বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ইন্দ্র ও উদয় মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় ঘুরতে বের হয়। একপর্যায়ে তারা অসাবধানতাবশত সীমান্তের মেইন পিলার ৪১৭-এর ৯ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে ভারতীয় ভূখণ্ডের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে ঢুকে পড়ে।
সেখানে মীরগঞ্জ নামক স্থানে পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মরিচা ক্যাম্পের একটি টহল দল তাদের গতিরোধ করে এবং আটক করে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়।বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৮ ব্যাটালিয়নের মিস্ত্রিপাড়া ক্যাম্পের সদস্যদের খবর দেয়। বিজিবি তাৎক্ষণিকভাবে ঘটনাটি বিএসএফকে অবগত করে এবং প্রতিবাদ জানায়। বর্তমানে ওই দুই কিশোরকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
বিজিবি সূত্র জানিয়েছে, আটক কিশোরদের ফেরত আনার লক্ষ্যে বিকেলে ওই সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিজিবি আশা করছে, আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
এই বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস সাংবাদিকদের জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পরেই বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। সব তথ্য নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। সীমান্ত এলাকায় থমথমে অবস্থা না থাকলেও বিজিবি তাদের টহল ও নজরদারি জোরদার করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন