শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনের সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মে ৬, ২০২৬, ১১:৩৭ পিএম

পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনের সমন্বয় সভা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ে চলমান হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এই সভা আয়োজন করা হয়। সভায় জেলায় ৯৯.৬ শতাংশ টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে তথ্য প্রদান করা হয়।

সমন্বয় কমিটির আহ্বায়ক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মো. মোদাব্বের হোসেন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা। 

সভায় বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান জানান, হাম-রুবেলা ক্যাম্পেইনে পঞ্চগড় জেলায় মোট এক লাখ ৩৮ হাজার ৯৬৯ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। 

এর মধ্যে এখন পর্যন্ত এক লাখ ৩৮ হাজার ৩৭৬ জন শিশুকে সফলভাবে টিকা প্রদান করা হয়েছে। অর্থাৎ মোট লক্ষ্যমাত্রার ৯৯.৬ শতাংশ অর্জিত হয়েছে।সিভিল সার্জন আরও জানান, আগামী ১০ মে পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রার বাকি অংশ পূরণসহ কোনো শিশু যদি বাদ পড়ে থাকে, তবে তাদের খুঁজে বের করে টিকার আওতায় আনা হবে। এই কার্যক্রমের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্মকর্তাদের তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় উপজেলা পর্যায় থেকে আসা স্বাস্থ্য কর্মকর্তারা নিজ নিজ এলাকার অগ্রগতি তুলে ধরেন। পঞ্চগড় জেলার এই সাফল্য ধরে রাখতে এবং শতভাগ লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মীদের কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। সমন্বিত প্রচেষ্টায় ১০ মে-র মধ্যেই সকল শিশুকে টিকার আওতায় আনার আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তারা।