এপ্রিল ২২, ২০২৬, ১২:৩৫ এএম
হাম ও রুবেলা প্রতিরোধে দেশব্যাপী টিকাদান কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এমআর ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে আয়োজিত সমন্বয় সভার মাধ্যমে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান। এ সময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমন্বয় সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্থাপিত মূল কেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও রিপামনি দেবী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রতিটি শিশুকে টিকার আওতায় নিয়ে আসতে হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে টিকাদানের কোনো বিকল্প নেই।
বিশেষ করে মাঠ পর্যায়ের কর্মীদের সতর্ক থাকতে হবে যেন একটি শিশুও এই সুবিধা থেকে বাদ না পড়ে। তিনি এই ক্যাম্পেইন সফল করতে অভিভাবকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবীর জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের মূল কেন্দ্র ছাড়াও উপজেলার ৬টি ইউনিয়নে মোট ১৪৫টি টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বাস্থ্য বিভাগের নিয়মিত কর্মীদের পাশাপাশি ২৯০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন। প্রতিটি ইউনিয়নে কার্যক্রম তদারকির জন্য একজন করে সুপারভাইজার দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আটোয়ারী উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ১৬ হাজার ১৭৬ জন শিশুকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৭৬৪ জন শিশুকে কমিউনিটি পর্যায়ে এবং ২ হাজার ৪১২ জন শিশুকে স্কুল পর্যায়ের কর্মসূচির মাধ্যমে টিকা দেওয়া হবে।বিশেষ সতর্কবার্তা হিসেবে ডা. হুমায়ুন কবীর জানান, যেসব শিশুর বর্তমানে জ্বর রয়েছে বা অন্য কোনো কারণে অসুস্থ, তাদের সুস্থ হওয়ার পর টিকা দিতে হবে। এছাড়া কোনো শিশু যদি সম্প্রতি হামের টিকার প্রথম ডোজ নিয়ে থাকে, তবে অন্তত চার সপ্তাহ পার না হওয়া পর্যন্ত তাকে পুনরায় এই টিকা দেওয়া যাবে না।
চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। অন্যদিকে রুবেলা ভাইরাসের সংক্রমণ গর্ভবতী নারীদের জন্য জটিলতা সৃষ্টি করে। জনস্বাস্থ্যের এই ঝুঁকি মোকাবিলায় সঠিক সময়ে শিশুদের টিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন