শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে ৩২ হাজার শিশুর হাম-রুবেলা টিকা লক্ষ্যমাত্রা

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২২, ২০২৬, ১২:৩৯ এএম

বীরগঞ্জে ৩২ হাজার শিশুর হাম-রুবেলা টিকা লক্ষ্যমাত্রা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন। এ সময় বীরগঞ্জ স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. অমৃত সরকার, এমওআইসিটি ডা. আবু বক্কর সিদ্দিক, ডা. মো. আবু সায়েম সোহাগ এবং ডা. মো. মাহামুদুল হাসান রাব্বি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে বীরগঞ্জ উপজেলায় মোট ২৬৪টি টিকাদান কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই কেন্দ্রগুলো কাজ করবে। 

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি দিনগুলোতে নিয়মিতভাবে শিশুদের টিকা দেওয়া হবে।চলতি বছর বীরগঞ্জ উপজেলায় মোট ৩২ হাজার ২৮১ জন শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। উদ্বোধনের প্রথম দিনেই উপজেলার ১৫টি বিশেষ পয়েন্টে ১ হাজার ৬৩২ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।টিকাদান কার্যক্রমের সূচি অনুযায়ী, আগামী ৫ ও ৬ মে উপজেলার সব প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনগুলোতে বিশেষ সেশন পরিচালিত হবে। এভাবে পর্যায়ক্রমে ২৬৪টি কেন্দ্রের মাধ্যমে আগামী ১০ মে পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

পৌরসভা থেকে আসা অভিভাবক রাশেদা বেগম জানান, সরকার বিনামূল্যে এই টিকার ব্যবস্থা করায় তারা অনেক উপকৃত হচ্ছেন। তিনি বলেন, সরকারি এই উদ্যোগ আমাদের জন্য বড় উপহার। শিশুকে টিকা দিতে পেরে এখন হাম বা রুবেলার মতো রোগের দুশ্চিন্তা থেকে অনেকটা নিশ্চিন্ত থাকা যাবে।বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরে জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এটি শিশুদের জন্য প্রাণঘাতী ঝুঁকি তৈরি করতে পারে। তাই অভিভাবকদের উচিত অবহেলা না করে নির্ধারিত সময়ের মধ্যে সন্তানদের টিকা নিশ্চিত করা।

তিনি আরও জানান, বীরগঞ্জে প্রয়োজনীয় টিকা, সিরিঞ্জ ও কার্ডের পর্যাপ্ত মজুত রয়েছে। কোনো শিশু যদি নির্ধারিত দিনে কেন্দ্রে আসতে না পারে, তবে পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে এসে টিকা নিতে পারবে। উল্লেখ্য, এই ক্যাম্পেইনের আওতায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে এই জীবন রক্ষাকারী টিকা প্রদান করা হচ্ছে।