শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

বিগত সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২২, ২০২৬, ১২:২৯ এএম

বিগত সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব: প্রতিমন্ত্রী

বিগত সরকারের ব্যর্থতার কারণে দেশে হামের প্রাদুর্ভাব ঘটেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। তবে বর্তমান সরকার এই পরিস্থিতি মোকাবিলায় সজাগ রয়েছে বলে জানান তিনি। সোমবার সকালে পঞ্চগড় সদর উপজেলার শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাম-রুবেলা টিকা প্রদান ক্যাম্পেইনের কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

এর আগে প্রতিমন্ত্রী বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।প্রতিমন্ত্রী বলেন, আমরা কোনো ব্লেম গেম খেলতে চাই না, তবে সত্য এটাই যে বিগত সরকারের অবহেলার কারণেই দেশে নতুন করে হামের সংক্রমণ দেখা দিচ্ছে। 

গত কয়েক দিনে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হামের প্রাদুর্ভাব বেড়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আক্রান্তের এই হার কমিয়ে আনা সম্ভব। এ জন্য যোগ্য প্রতিটি শিশুকে টিকা দিতে হবে। কোনো ধরনের গুজবে কান না দিয়ে সন্তানদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান। 

শিশুদের জীবন রক্ষায় বর্তমান সরকার জাতীয় পর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ বলেন, নিয়মিত টিকাদান কর্মসূচিতে কোনো গ্যাপ বা ফাঁক থাকলে রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। দেশের প্রায় ৫৬টি জেলায় বর্তমানে হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। যদিও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে, তবুও আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার দ্রুত এই টিকাদান কার্যক্রম শুরু করেছে।

অভিভাবকদের উদ্দেশে প্রতিমন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, শিশুর শরীরে কোনো ধরনের র‍্যাশ, বমি ভাব কিংবা চোখ লাল হওয়ার মতো লক্ষণ দেখা দিলে কোনোভাবেই গ্রামীণ চিকিৎসকের ওপর নির্ভর করা যাবে না। এমন উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে আসতে হবে। তিনি জানান, পঞ্চগড় জেলায় এই ক্যাম্পেইনের আওতায় ১ লাখ ৩৬ হাজার ৫২৭ ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে টিকার সরবরাহ আরও বাড়ানো হবে।

জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, পঞ্চগড়ে এখন পর্যন্ত কোনো হামের রোগী শনাক্ত না হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শিশুদের সুন্দর ভবিষ্যৎ ও সুস্থ জীবন নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন ও জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।