মে ৯, ২০২৬, ১২:৫১ পিএম
শেরপুরের নকলায় বাস, ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) সকালে নকলা পৌর শহরের জালালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম আবুল হাশেম (৩৫)। তিনি উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের দড়িতেঘরি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে নকলা থেকে মালবাহী একটি মাহিন্দ্র ট্রাক্টর শেরপুরের দিকে যাচ্ছিল। ট্রাক্টরটি জালালপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা শেরপুরগামী ‘মমতা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস সেটিকে ওভারটেক করার চেষ্টা করে।
এ সময় বিপরীত দিক থেকে একটি সিএনজি সামনে পড়ে গেলে বাসটি পাশ কাটাতে গিয়ে ট্রাক্টরের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক আবুল হাশেম ঘটনাস্থলেই মারা যান।
একই সময়ে বাসের সাথে সিএনজিটিরও সংঘর্ষ ঘটে। এতে সিএনজির তিন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, পুলিশ দুর্ঘটনার কারণ আরও বিস্তারিত খতিয়ে দেখছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন