রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রংপুরের বাজারে দেশি লিচু

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১১, ২০২৬, ০৩:৫৫ পিএম

রংপুরের বাজারে দেশি লিচু

রংপুরের বাজারে উঠতে শুরু করেছে স্থানীয়ভাবে চাষ করা গ্রীষ্মকালীন দেশি লিচু। মৌসুমি এই ফলকে কেন্দ্র করে নগরের পাবলিক লাইব্রেরি মাঠের সামনে এখন প্রতিদিন সরগরম হয়ে উঠছে অস্থায়ী পাইকারি বাজার।প্রতিদিন ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত চলে এই বাজারের কার্যক্রম। রংপুরের বিভিন্ন উপজেলা থেকে চাষিরা তাদের বাগানে উৎপাদিত লিচু নিয়ে এখানে হাজির হন। ছোট ছোট আঁটি বেঁধে পাইকারি ও খুচরা বিক্রির জন্য মাঠের সামনের রাস্তা ও খোলা জায়গায় পসরা সাজিয়ে বসেন তারা।

ভোর হওয়ার সাথে সাথেই এই বাজারে ক্রেতা ও বিক্রেতাদের ভিড় বাড়তে থাকে। ব্যবসায়ীরা জানান, প্রথম দিকে বাজারে দেশি জাতের লিচু আসলেও ধীরে ধীরে বোম্বাই ও অন্যান্য উন্নত জাতের লিচু উঠতে শুরু করবে। এখনকার লিচুগুলো আকারে কিছুটা ছোট হলেও স্বাদে বেশ মিষ্টি বলে জানিয়েছেন স্থানীয় ক্রেতারা।

পাবলিক লাইব্রেরি মাঠের সামনের এই ফল বাজারে শুধু স্থানীয়রাই নয়, বরং আশপাশের বিভিন্ন জেলা থেকেও পাইকারি ব্যবসায়ীরা আসেন। ভোর থেকে সকাল ১০টার পর বাজারটি অনেকটা ফাঁকা হয়ে যায় এবং নিয়মিত ফল কেনাবেচা চলে।

বাজারে বর্তমানে লিচুর সরবরাহ বাড়ার সাথে সাথে দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে বলে চাষিরা জানান। তবে বৃষ্টির ওপর নির্ভর করবে আগামী দিনগুলোতে লিচুর ফলন ও বাজারের স্থায়িত্ব। রংপুরের ঐতিহ্যবাহী এই ফলের ঘ্রাণে এখন মাতোয়ারা পাবলিক লাইব্রেরি সংলগ্ন এলাকা।

প্রতি বছরের মতো এবারও লিচুর মৌসুমে এই এলাকাটি অর্থনৈতিকভাবে বেশ চাঙ্গা হয়ে ওঠে। শত শত শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এই মৌসুমি ফলের বাজারকে কেন্দ্র করে। প্রশাসন ও স্থানীয় বাজার কমিটি বাজারের শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি রাখছে।