মে ১১, ২০২৬, ০৯:১৯ পিএম
আগামী ১৩ মে (বুধবার) থেকে রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পরিস্থিতির এই পরিবর্তনের প্রেক্ষিতে মাঠের পাকা ধান ও ভুট্টা দ্রুত সংগ্রহের পরামর্শ দিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সোমবার (১১ মে) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে ১৩ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (৮৮ মি.মি.-এর বেশি) বর্ষণ হতে পারে।
ভারী বৃষ্টির এই পূর্বাভাস পাওয়ামাত্রই মাঠ পর্যায়ে কৃষকদের সতর্ক করতে শুরু করেছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টির কারণে পাকা ধান ও ভুট্টার ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জমিতে পানি জমে গেলে আধাপাকা বা পাকা ফসল নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
কৃষি কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন, যেসব এলাকায় ধান ও ভুট্টা ৮০ শতাংশ পেকে গেছে, সেগুলো বৃষ্টির আগেই দ্রুত কেটে ঘরে তুলতে হবে। এ ছাড়া কাটা ফসল নিরাপদ স্থানে রাখা বা ঢেকে রাখার বিষয়েও কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। রংপুর বিভাগের ওপর দিয়ে এই মেঘমালা প্রবাহিত হওয়ার সময় দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা থাকায় কৃষকদের মাঠে কাজ করার সময় সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। কৃষি সংশ্লিষ্ট দপ্তরগুলো ইউনিয়ন পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত আবহাওয়া বার্তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন