মে ১২, ২০২৬, ১২:০৯ পিএম
দেশের উত্তর-পূর্বাঞ্চলের দুই নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। মঙ্গলবার সকালে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য নিশ্চিত করেছে।
পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। তবে হাওর বেসিনের দুটি জেলার দুটি নদীর পানি এখনো প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপরে অবস্থান করছে।
আজ সকাল ৯টার তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে নলজুর নদীর পানি গত ২৪ ঘণ্টায় তিন সেন্টিমিটার কমেছে। তবে বর্তমানে এই নদীর পানি বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে নেত্রকোণা জেলার মগরা নদীর পানি ২৩ সেন্টিমিটার কমলেও এখনো বিপৎসীমার আট সেন্টিমিটার ওপরে রয়েছে।
সুনামগঞ্জের হাওর অঞ্চলের নদীগুলোর পানি কমার গতি বর্তমানে অত্যন্ত ধীর। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, এই অঞ্চলের নদীগুলোতে পানির সমতল ঘণ্টায় শূন্য থেকে এক সেন্টিমিটার হারে কমছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে নতুন করে বৃষ্টি না হওয়ায় পরিস্থিতির অবনতি না হলেও বিপৎসীমার নিচে পানি নামতে আরও সময়ের প্রয়োজন হতে পারে। মূলত পানি কমার এই ধীরগতির কারণে পানিবন্দি এলাকাগুলোর মানুষের ভোগান্তি এখনো কমেনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন