মে ১২, ২০২৬, ০৫:১১ পিএম
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় লিচুর বিচি গলায় আটকে হোসাইন নামের সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত হোসাইন হরিহরপুর গ্রামের মাসুদ হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির উঠানে খেলা করছিল শিশু হোসাইন। সেখানে আগে থেকেই লিচুর বিচি পড়ে ছিল। খেলার ছলে শিশুটি বিচিটি কুড়িয়ে মুখে দেয়। মুহূর্তের মধ্যেই বিচিটি তার গলায় আটকে যায় এবং সে ছটফট করতে থাকে। পরিবারের সদস্যরা টের পেয়ে বিচিটি বের করার চেষ্টা করে ব্যর্থ হন।
পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরাফাত ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
মৃতের সংখ্যা এখন পর্যন্ত আর না বাড়লেও একই ধরনের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে গত সোমবার (১১ মে) সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকায় গলায় লিচুর বিচি আটকে ইয়াসিন মিয়া (১০) নামের আরও এক শিশুর মৃত্যু হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন