মে ১২, ২০২৬, ০৬:৪২ পিএম
নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টায় সদর উপজেলার ত্রৈমাসিক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা কার্যালয় আল-হেলাল একাডেমিতে এই সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার।
তিনি উপজেলা শাখার বিগত তিন মাসের সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা করেন এবং কাজের ঘাটতি পূরণে দিকনির্দেশনা দেন। রুকনদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংগঠনিক কাজের গতি বৃদ্ধির পাশাপাশি আমলি ও নৈতিক মান বৃদ্ধিতে আপসহীন হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের নায়েবে আমীর ও শিক্ষাবিদ ডক্টর খায়রুল আনাম রুকনদের ঈমান ও আকিদা মজবুত করার তাগিদ দেন। তিনি বলেন, একজন রুকনকে নামাজ আদায়সহ আমলি জিন্দেগির প্রতিটি ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।নীলফামারী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু হানিফা শাহ-এর সভাপতিত্বে সম্মেলনে জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামসহ অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদের মধ্যে ছিলেন জেলা সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, জেলা অফিস সম্পাদক আব্দুল কাদিম এবং উপজেলা নায়েবে আমীর মাওলানা ক্বারি আব্দুল আজিজ ও মোস্তাফিজুর রহমান।উপজেলা সেক্রেটারি হামিদুল ইসলাম গত তিন মাসের কাজের খতিয়ান ও রিপোর্ট পেশ করেন। এ সময় তৃণমূল পর্যায়ে দাওয়াতি কাজ ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সম্মেলনে নীলফামারী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোকাররম হোসেন সাঈদী ও উপজেলা সহকারী সেক্রেটারি আহমদ রায়হানসহ সদর উপজেলার রুকনরা অংশগ্রহণ করেন।সম্মেলনে সংগঠনের তহবিল (বাইতুলমাল) বৃদ্ধি, নিয়মিত ইসলামি সাহিত্য পাঠ এবং ব্যক্তিগত রিপোর্টের মান উন্নয়নের বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়। শেষে সকল সদস্যের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে সম্মেলন সমাপ্ত ঘোষণা করেন সভাপতি মাওলানা আবু হানিফা শাহ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন