মে ১৩, ২০২৬, ১২:১১ এএম
জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল বুধবার (১৩ মে) রাজধানীর বেশ কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১২ মে) রাতে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর পক্ষ থেকে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সমিতির দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না। সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে— হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর এবং গোলামবাজার মহিলা মাদ্রাসা এলাকা।
কর্তৃপক্ষ জানিয়েছে, হাবিবনগর ফিডারটির বর্তমান বিদ্যুতের চাহিদা বা পিক লোড প্রায় ৪ মেগাওয়াট, যা স্বাভাবিক ক্ষমতার চেয়ে বেশি। গ্রাহকদের মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে ফিডারটির লোড বিভাজন করে নতুন ফিডার নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে।
এই সংস্কার কাজের ফলে সিস্টেম লস কমবে এবং ভবিষ্যতে গ্রাহকরা আরও উন্নত ও স্থিতিশীল বিদ্যুৎ সেবা পাবেন বলে আশা করছে কর্তৃপক্ষ। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এলাকাগুলোতে কাজের গতি ত্বরান্বিত করে নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ চালুর চেষ্টা করা হবে বলেও জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন