রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাকির টাকা চাওয়ায় দোকানে হামলা ও গুলি, আহত ৫

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৩, ২০২৬, ১২:২২ এএম

বাকির টাকা চাওয়ায় দোকানে হামলা ও গুলি, আহত ৫

গাজীপুরের শ্রীপুরে বাকির টাকা চাওয়া ও বাকীতে মালামাল না দেওয়াকে কেন্দ্র করে একটি দোকানে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজী কাছম আলী ফকির সুপার মার্কেটের ‘নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফ্যাব্রিকেটর’ নামের দোকানে এ ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়েছেন এবং এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলেন—মার্কেটের মালিক হাজী কাছম আলী ফকিরের ছেলে কামাল ফকির, তার ভাগিনা সিয়াম, দোকানের ব্যবস্থাপক শাহিন এবং কর্মচারী শান্ত ও শ্যামল। এ ঘটনায় অভিযুক্তরা হলেন কেওয়া গ্রামের নুরু কসাইয়ের ছেলে রানা ভান্ডারি (৪০) ও তার ছোট ভাই মামুন (৩০)।

দোকান মালিক ফয়সাল আহমেদ জানান, রানা ভান্ডারি তার দোকান থেকে নিয়মিত মালামাল কিনতেন এবং আগে থেকেই কিছু টাকা পাওনা ছিল। গত শনিবার (৯ মে) রানা ৭২ হাজার টাকার থাই মালামাল কিনতে এলে ৩০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ৪২ হাজার টাকা মঙ্গলবার পরিশোধ করে মালামাল নেওয়ার কথা ছিল। বিকেলে টাকা চাইলে রানা উত্তেজিত হয়ে কর্মচারী শ্যামলকে মারধর করেন। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।

ভুক্তভোগীদের অভিযোগ, ওই ঘটনার জেরে রাত ৮টার দিকে রানা ভান্ডারি ও তার ভাই মামুনের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন সশস্ত্র যুবক দোকানে হামলা চালায়। তারা দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। বাধা দিতে গেলে মার্কেট মালিক ও কর্মচারীদের মারধর করা হয়। দোকান মালিক ফয়সালকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়, তবে তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”