রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিদ্যুৎকেন্দ্রে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৩:১১ পিএম

বিদ্যুৎকেন্দ্রে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২

দগ্ধরা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা (JERA) মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আলআমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)। দগ্ধদের মধ্যে আমির, শঙ্কর, কাউসার ও আল আমিন ওই ক্যান্টিনের কর্মী এবং বাকিরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা বলে জানা গেছে।

বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের সূত্রে জানা যায়, দুপুরে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা নিজস্ব ক্যান্টিনে ব্যুফে খাবার খাচ্ছিলেন। এ সময় ক্যান্টিনের ভেতরে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা ১২ জনের হাত, মুখ ও পা দগ্ধ হয়। সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দুপুরে নারায়ণগঞ্জ থেকে ১২ জন দগ্ধ রোগী হাসপাতালে এসেছেন। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম দুর্ঘটনার বিষয়ে জানান, দুপুরে রান্নার পর অসাবধানতাবশত গ্যাসের চুলা চালু ছিল। ধারণা করা হচ্ছে, জমে থাকা গ্যাসের মধ্যে কেউ আগুন ধরাতেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বর্তমানে আহতরা সবাই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।