রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে

জাতীয় ডেস্ক

মে ১৩, ২০২৬, ১০:৪৫ পিএম

মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে

হাসপাতালে দগ্ধদের দেখতে যান মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ঘাট জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার (১৩ মে) বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান।

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এবং পিডিবির চেয়ারম্যান মোঃ রেজাউল করিম তার সঙ্গে উপস্থিত ছিলেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী দগ্ধদের চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। 

তারা আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ধৈর্য ধারণের পরামর্শ দেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।এর আগে বুধবার দুপুর ১টার দিকে সোনারগাঁও উপজেলার মেঘনা ঘাট শিল্পনগরীতে অবস্থিত জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে ক্যান্টিনে কর্মকর্তা-কর্মচারীরা খাবার খাওয়ার সময় হঠাৎ চুলার গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটে। এতে সেখানে উপস্থিত প্রায় ১২ জনের হাত, মুখ ও পা দগ্ধ হয়। সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকায় নিয়ে আসেন।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ রোগীকে হাসপাতালে আনা হয়েছে। 

তাদের দগ্ধের মাত্রা বর্তমানে পরীক্ষা করা হচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনা করে তাদের মধ্যে তিনজনকে আইসিইউ বা এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে।বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই স্থাপনার ক্যান্টিনে কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা গুরুত্বের সাথে তদন্ত করা হবে। পিডিবি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বর্তমানে দগ্ধদের শারীরিক অবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উন্নত চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।