মে ১৩, ২০২৬, ১০:৫৮ পিএম
সুনামগঞ্জ জেলা শহরে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী দুই দিন ৮ ঘণ্টা করে মোট ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে সাময়িক ভোগান্তিতে পড়বেন শহরের প্রায় ৪ হাজার ২০০ আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) ও শুক্রবার (১৫ মে) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শহরে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ইতোমধ্যে শহরে মাইকিং করা হচ্ছে।সুনামগঞ্জ জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেমস লিমিটেডের আবাসিক প্রধান মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্যাস লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে এই সরবরাহ বন্ধ রাখা হবে। কাজ শেষ হওয়ার সাথে সাথেই পুনরায় সরবরাহ স্বাভাবিক করা হবে।টানা দুই দিন দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় শহরের আবাসিক গ্রাহকদের পাশাপাশি হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।
বিশেষ করে দুপুরের খাবারের পর থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস না থাকায় গৃহস্থালি কাজে ব্যাঘাত ঘটবে।জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার চেষ্টা চালানো হবে বলে সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ থেকে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন