সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে মাদক কেনাবেচায় নারীসহ ৩ জনের কারাদণ্ড

আবু সালেহ মোঃ রায়হান

মে ১৪, ২০২৬, ০২:১৫ পিএম

পঞ্চগড়ে মাদক কেনাবেচায় নারীসহ ৩ জনের কারাদণ্ড

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদক কেনা-বেচায় জড়িত থাকায় এক নারীসহ ৩ জনের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (১৩ মে) বিকেলে জেলার বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে তাদের আটক করার পর সংক্ষিপ্ত বিচার পদ্ধতি বা সামারি ট্রায়ালের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মাহানপাড়া এলাকার আব্দুল সেলিমের স্ত্রী খোদেজা বেগম (৪৮), পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের সিপাহীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন (২১) এবং একই উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাও বড়বাড়ি এলাকার রবিউল ইসলামের ছেলে রশিদুল ইসলাম (২৪)।

বোদা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে থানার এসআই তৌহিদুল ইসলাম ও এএসআই ওমর ফারুকের নেতৃত্বে একটি আভিযানিক দল ময়দানদীঘি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাহানপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। 

অভিযানকালে মাদক বিক্রির সময় খোদেজা বেগমকে ১৮৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। একই সময় মাদক কেনার অভিযোগে রিয়াদ হোসেন ও রশিদুল ইসলামকে ৫ গ্রাম করে গাঁজাসহ হাতেনাতে আটক করে পুলিশ।আটককৃতদের উদ্ধারের পর আলামতসহ বোদার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এ হাজির করা হয়। আদালতের বিচারক আরিফ হোসেন মুন্না সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে ৩ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদানের ক্ষেত্রে আসামিরা পরবর্তীতে দ্রুত আপিল করে জামিনে মুক্ত হয়ে যায়। মাদক ব্যবসায়ীরা যাতে দ্রুত জামিনে বের হয়ে আসতে না পারে এবং মাদক ব্যবসায়ী, ক্রেতা ও সেবনকারীদের সাজা নিশ্চিত করা যায়, সেজন্য এখন থেকে সামারি ট্রায়ালের মাধ্যমে এই সাজার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আগামীতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।