মে ১৪, ২০২৬, ০৬:৫৮ পিএম
নারায়ণগঞ্জের পশুর হাটে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পর এবার নতুন করে আলোচনায় এসেছে খ্যাপাটে মহিষ ‘নেতানিয়াহু’। গোলাপি রঙের অ্যালবিনো জাতের এই মহিষটিকে দেখতে প্রতিদিন খামারে ভিড় করছেন উৎসুক জনতা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ দূর থেকে দাঁড়িয়ে শুধু তার রাগী চাহনি দেখছেন।নারায়ণগঞ্জ বন্দরের দাসেরগাঁও এলাকার এস এস ক্যাটেল ফার্মে থাকা এই মহিষটির ওজন প্রায় ৭৬০ কেজি।
খামারের রাখাল ও কর্মীরা জানান, মহিষটির স্বভাব অত্যন্ত বদমেজাজি। খাবার দিতে গেলেও সে শিং উঁচিয়ে তেড়ে আসে। এই কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামের সঙ্গে মিল রেখে তার নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’। খামারে আসা দর্শনার্থীরা নিরাপদ দূরত্ব বজায় রেখে মহিষটিকে দেখছেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাফসান রাদিব জানান, ফেসবুকে নাম শুনে তিনি মহিষটিকে দেখতে এসেছেন। কাছে যেতেই মহিষটি যেভাবে তাকিয়েছে, তাতে মনে হয়েছে এখনই গুঁতো দেবে। পুরো অবয়বজুড়ে যেন একটি যুদ্ধংদেহী ভাব রয়েছে।
রিজিয়া নামের আরেক নারী দর্শনার্থী জানান, মহিষটার মেজাজ খুব গরম এবং খামারিরা আদর করতে গেলেও উল্টো তেড়ে আসে।ফার্মের ব্যবস্থাপক মেহেদি জানান, চুলের সিঁথি, চোখের চাহনি আর রাগী আচরণের কারণেই মহিষটির নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’। ছোটবেলা থেকেই মহিষটি কিছুটা দুষ্টু প্রকৃতির। তবে দেখতে সুন্দর হওয়ায় সবাই এটি পছন্দ করছে। খামারের কর্মী আল আমিন জানান, দিনে দুইবার গোসল, পুষ্টিকর খাবার আর বিশেষ যত্নে বড় করা হচ্ছে মহিষটিকে। তবে তার কাছে যেতে সবাই একটু ভয় পান।
খামার কর্তৃপক্ষ জানিয়েছে, লাইভ ওজনে প্রতি কেজি ৫৫০ টাকা দরে মহিষটির দাম ধরা হয়েছে। তারা আশা করছেন, কোরবানির আগেই এই মহিষটি বিক্রি হয়ে যাবে।এদিকে জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, এবার নারায়ণগঞ্জে কোরবানির পশুর চাহিদার তুলনায় প্রায় ১০ হাজার পশু বেশি রয়েছে। জেলার বিভিন্ন খামারে গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিপুল সংখ্যক পশু প্রস্তুত করা হয়েছে।
এর আগে শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া এগ্রো ফার্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একটি মহিষ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের মতো মাথার চুল ও মুখাবয়বের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া সেই মহিষটি ইতোমধ্যে ৫৫০ টাকা কেজি দরে ঢাকার একজন ক্রেতা কিনে নিয়েছেন। তবে এস এস ক্যাটেল ফার্মের নেতানিয়াহু নামের মহিষটি এখনো বিক্রি হয়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন