মে ১৬, ২০২৬, ০৯:১৩ পিএম
নীলফামারীতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় খোকশাবাড়ী ইউনিয়নের শাইলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই খেলার আয়োজন করা হয়। টুপামারী ইউনিয়ন ও খোকশাবাড়ী ইউনিয়নের দুটি পৃথক নারী ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রাণবন্ত ও অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খোকশাবাড়ী ইউনিয়নের উত্তর রামকলা বালিকা উচ্চ বিদ্যালয়।অন্যদিকে এই টুর্নামেন্টে রানারআপ হয় টুপামারী ইউনিয়নের পক্ষে অংশগ্রহণকারী সরকারপাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
মূলত খেলাধুলার মাধ্যমে মেয়েদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও মানসিক উন্নয়নকে উৎসাহিত করতে এই মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এপি পুরো অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করে।
টুর্নামেন্টে অসাধারণ ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচ সেরা বা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন উত্তর রামকলা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী পল্লবী রায়।খেলাই বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি বিতরণের জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য নুর হোসেন।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর রামকলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম সাজ্জাদ এবং সরকারপাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সামিরা বেগম।
অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত বক্তারা বলেন, বর্তমান সময়ে মেয়েদের শুধু লেখাপড়ায় সীমাবদ্ধ না রেখে খেলাধুলাসহ সকল সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলী এবং দলগত মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এমন একটি সফল ক্রীড়া আয়োজন সম্পন্ন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান অতিথিরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন