রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৮, ২০২৬, ০৪:০২ পিএম

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আদালত প্রাঙ্গণ

যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তারকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী শাহীন মীর মালতকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।২০১৯ সালে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ফারুক মাতুব্বরের মেয়ে স্মৃতির সঙ্গে অম্বিকাপুর ইউনিয়নের শাহীনের বিয়ে হয়। 

দাম্পত্য জীবনে তাদের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই শাহীন মাদকাসক্ত হয়ে পড়েন এবং যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন চালাতে থাকেন। ২০২১ সালে মেয়ের সংসারের কথা চিন্তা করে নিহতের পরিবার প্রায় এক লাখ টাকা দেয়। কিন্তু শাহীন আরও তিন লাখ টাকার জন্য চাপ দিতে থাকেন।

২০২২ সালের ২৮ জানুয়ারি রাতে যৌতুকের দাবিকে কেন্দ্র করে স্মৃতি আক্তারকে ঘরের ভেতরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনাটি ধামাচাপা দিতে মরদেহ ঘরের চৌকিতে ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়। পরদিন স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে এবং দীর্ঘ সাক্ষ্যগ্রহণের পর এই রায় ঘোষণা করা হলো।