রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২০, ২০২৬, ১০:৪৫ এএম

ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ

সড়ক অবরোধ

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকচাপায় ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে।নিহত শিশুর নাম পাপরী রানী রায়, সে স্থানীয় সোনাপোতা এলাকার সেবেন রায়ের মেয়ে।

মঙ্গলবার সন্ধ্যায় সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, স্কুল ছুটির পর বাবার সঙ্গে দেখা করতে গিয়ে সড়কের পাশে খেলছিল পাপরী। একপর্যায়ে মহাসড়কে উঠে পড়লে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিক্ষুব্ধ জনতা এসময় একটি ওষুধের গাড়িতেও ভাঙচুর চালায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। 

তার আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।সুরতহাল শেষে শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।