মে ২০, ২০২৬, ০৩:৩৮ পিএম
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দূরপাল্লার একটি বাসের ধাক্কায় লেগুনা চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে জয়কলস ইউনিয়নের আহসানমারা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
ঢাকা থেকে আসা ‘খাদিজা ভিআইপি’ নামের বাসটি সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ওই লেগুনাটিকে সজোরে ধাক্কা দেয়।সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে প্রাণ হারান লেগুনার যাত্রী জাহেদ মিয়া।
১৮ বছর বয়সী এই তরুণের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামে। গুরুতর আহত অবস্থায় লেগুনা চালক ইব্রাহিম মিয়াকে উদ্ধার করেন স্থানীয়রা। ২৫ বছর বয়সী এই যুবককে সিলেটে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এই ঘটনায় ছাতক উপজেলার সাদারাই গনিপুর গ্রামের একই পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন।
আহতরা হলেন আব্দুল জাহান, লুৎফা বেগম, তৌরিজ মিয়া, কল্পনা বেগম ও আব্দুল জাহার। তারা সপরিবারে লেগুনায় চড়ে বাড়ি ফিরছিলেন বলে জানান বেঁচে যাওয়া আব্দুল জাহার। শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসান এবং সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন