মে ২৩, ২০২৬, ০৭:৩২ পিএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুরের পানিতে ডুবে জারান ফেরদৌস নামের এক বছর বয়সী এক কন্যাসন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টায় শ্রীমঙ্গল পৌর শহরের হাজি সোনা মিয়া রোডের শফিকুল হকের বাড়ির পুকুরে এই ঘটনা ঘটে। নিহত শিশু জারান ফেরদৌস ওই এলাকার কাতার প্রবাসী মো. ইদ্রিস আলী ও গৃহিণী সৈয়দ জান্নাত সুমীর মেয়ে।
প্রতিবেশীদের দেওয়া তথ্য অনুযায়ী বিকেলে পুকুরপাড়ে দুটি শিশু একসঙ্গে খেলাধুলা করছিল।খেলার ছলে হঠাৎ একটি শিশু গভীর পানিতে পড়ে তলিয়ে যায়।
ওই সময় সঙ্গে থাকা অপর শিশুটি চিৎকার করে বাড়ির লোকজনকে ডেকে আনলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস স্টেশনকে অবহিত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছিল বলে কর্তব্যরত চিকিৎসকেরা নিশ্চিত করেছেন।গ্রীষ্মের এই সময়ে গ্রামীণ ও আধা-শহুরে এলাকায় ডোবা-পুকুরে শিশু মৃত্যুর ঘটনা বাড়ছে।শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস কার্যালয়ের ইন্সপেক্টর মো. সুলেমান আহমদ জানিয়েছেন যে খবর পাওয়ার পরপরই তাদের টিম উদ্ধার অভিযান চালিয়েছিল।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিদ জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন