মে ২৫, ২০২৬, ০৩:৫৩ পিএম
নগরবাসীকে পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার স্বীকৃতি হিসেবে পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার তুলে দেওয়া হয়। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৮৫৫ জন কর্মীকে এই উপহার দেওয়া হয়েছে।প্রশাসক জানান, সবাই যখন ঘুমান, তখন পরিচ্ছন্নতা কর্মীরা নগরী পরিষ্কার রাখার কাজে নিয়োজিত থাকেন। তাদের এই নিরলস পরিশ্রমের কারণেই রংপুর বসবাসের উপযোগী থাকে।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া উপহার তাদের সম্মান জানানোর একটি মাধ্যম। প্রতিটি কর্মীকে ৫ হাজার টাকা করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।ঈদ পরবর্তী বর্জ্য অপসারণে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।
কোরবানি পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে নগরীর সব বর্জ্য পরিষ্কারের আশ্বাস দিয়েছেন প্রশাসক। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা কর্মীদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সব সময় কাজ করা হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে রংপুর মহানগর ড্যাবের সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপহার পেয়ে কর্মীরা আনন্দ প্রকাশ করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন