রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ০৫:৪১ পিএম

ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। সোমবার ভোররাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সড়কৈল এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত নয়জন শ্রমিক আহত হয়েছেন।নিহতদের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

নিহতদের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা গ্রামে। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করেছেন। বাকি দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা চট্টগ্রাম থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন।দুর্ঘটনার পর মহাসড়কে উদ্ধার কাজ পরিচালনা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শ্রমিকরা প্রাণ হারান। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।