বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ১০:৫১ পিএম

রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগুন নিয়ন্ত্রণে এসেছে

টানা দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছে। শুরুতে ৪টি ইউনিট কাজ শুরু করলেও বস্তির ঘনত্ব ও আগুনের তীব্রতার কারণে পরে ১৫টি ইউনিট যুক্ত হয়।পানির সংকট ও সরু রাস্তার কারণে অগ্নিনির্বাপণ কাজে বেগ পেতে হয়েছে।

ফায়ার সার্ভিসের লে. কর্নেল আজাদ আনোয়ার জানিয়েছেন, প্রায় ১২৩ জন ফায়ার ফাইটার আগুন নেভাতে অংশ নিয়েছেন। অভিযানে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরাও সহায়তা করেছেন। 

সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।পুরোপুরি আগুন নির্বাপণের কাজ এখনো চলমান রয়েছে। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে ক্ষয়ক্ষতি ও আগুনের প্রকৃত কারণ জানা যাবে। ঘনবসতিপূর্ণ এই বস্তি এলাকায় আগুনের ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। পরিস্থিতির ওপর ফায়ার সার্ভিসের কর্মীরা সার্বক্ষণিক নজর রাখছেন।উদ্ধার কাজ শেষে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কাজ শুরু হবে।