শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

নিখোঁজের চারদিন পর নজরুলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জুন ৫, ২০২৬, ১২:০৩ এএম

নিখোঁজের চারদিন পর নজরুলের মরদেহ উদ্ধার

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের চারদিন পর মো. নজরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নজরুল ইসলাম উপজেলার ছোটদাপ (কলেজ মোড়) এলাকার মৃত আবেদ আলীর ছেলে।পরিবার ও এলাকাবাসী জানান, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। 

তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে কয়েকদিন নিখোঁজ থাকতেন এবং পরবর্তীতে আবার বাড়ি ফিরে আসতেন। গত শুক্রবার (১ জুন) বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন।বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকার মোছা. জহুরা বেগম মরিচ তুলতে গিয়ে ক্ষেতে মরদেহ দেখতে পান। 

তিনি সঙ্গে সঙ্গে এলাকার লোকজনকে ডেকে আনেন। এলাকার লোকজন এসে আটোয়ারী থানায় খবর দেন। খবর পেয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান, বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. জাহিদুল ইসলাম সঙ্গীয় পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। অনেকেই ধারণা করছেন বৃহস্পতিবার ভোরবেলা নজরুল মারা গেছেন।

এ ব্যাপারে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে গিয়েছি। পুরাতন আটোয়ারী গ্রামের মো. মন্টু মিয়ার মরিচ ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবার ও এলাকাবাসীর দাবি, নজরুল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। নিহতের পরিবারের কারো কোনো অভিযোগ নেই। এ ব্যাপারে আটোয়ারী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।