জুন ৭, ২০২৬, ০১:০৬ পিএম
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের বাউন্ডারি দেয়ালে ধাক্কা লেগে রেশমা বেগম নামে এক তরুণী নিহত হয়েছেন। রোববার (৭ জুন) সকাল ৬টা ১০ মিনিটে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মায়ের শেষ মুখটি দেখা আর হলো না তার।নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা থানার কোমরপুর গ্রামের বাসিন্দা আব্দুর সাত্তার গাজীর স্ত্রী। প্রাইভেটকারটি ফরিদপুর থেকে মাগুরার দিকে যাচ্ছিল। মালেকা চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান।
গাড়িটি তখন হাসপাতালের বাউন্ডারি দেয়ালে সজোরে ধাক্কা খায়।স্থানীয় সূত্রে জানা যায়, রেশমার মা মারা গেছেন। সেই খবর পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি মাগুরার উদ্দেশে রওনা হয়েছিলেন। দুর্ঘটনাকবলিত গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ ২৫-০৯৬২।
মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাজ্জাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটি উদ্ধার করেছেন। মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন