জুন ৭, ২০২৬, ০৩:৪৩ পিএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক নীতিগত সিদ্ধান্ত বাতিলসহ ৬ দফা দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।আজ রোববার সকাল ১১টার দিকে নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বরে এই কর্মসূচির আয়োজন করে ইন্টার্ন ডক্টর সোসাইটি নীলফামারী জেলা শাখা।চিকিৎসকরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ করেন।
ইন্টার্ন ডক্টর সোসাইটি নীলফামারীর সভাপতি ডা. তন্ময় কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান, ডা. কাজী জীবানারা করিস নিশা এবং নীলফামারী মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী মোহিত হাসান ফুয়াদ।
বক্তারা বলেন, এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত চিকিৎসকদের পেশাগত উন্নয়ন ও উচ্চতর প্রশিক্ষণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। অবিলম্বে ওই সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।হাসপাতালের বিভিন্ন বিভাগের ইন্টার্ন চিকিৎসকরা এই কর্মসূচিতে অংশ নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
চিকিৎসকরা জানিয়েছেন, তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এই কর্মসূচির ফলে হাসপাতালের চিকিৎসা সেবায় কোনো ব্যাঘাত ঘটেছে কি না, তা নিয়ে প্রশাসন এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন