বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

পঞ্চগড় সীমান্তে বিজিবি ও বিএসএফ উত্তেজনা

আবু সালেহ মোঃ রায়হান

জুন ৭, ২০২৬, ০৩:৫৫ পিএম

পঞ্চগড় সীমান্তে বিজিবি ও বিএসএফ উত্তেজনা

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। রোববার দুপুর ১২টা থেকে এ অস্থিরতা শুরু হয়।সীমান্ত পরিস্থিতি থমথমে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারত থেকে পুশইন হওয়া কিছু লোকজনকে জোর করে বাংলাদেশ অংশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বিএসএফ। এর প্রতিবাদে বিজিবি সদস্যরা অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে উভয় বাহিনী তাদের সদস্য সংখ্যা বাড়িয়েছে।

শূন্যরেখায় বর্তমানে বিজিবি ও বিএসএফের কড়া পাহারা রয়েছে। বিজিবি সদস্যদের সতর্ক থাকার জন্য সীমান্তে মাইকিং করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং বিজিবিকে সহায়তা করার জন্য সীমান্ত এলাকায় ভিড় করছেন।

সীমান্তের প্রধানপাড়া বড়বাড়ি এলাকা এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে বিজিবি। তবে বিএসএফের পক্ষ থেকে লোকজনকে জোরপূর্বক ঠেলে দেওয়ার প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বলে জানা গেছে।

এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে বিজিবি ও বিএসএফের স্থানীয় পর্যায়ের পতাকা বৈঠকের সম্ভাবনা নিয়ে কোনো ঘোষণা এখনো আসেনি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে।