জুন ৭, ২০২৬, ০৭:৩৮ পিএম
টিসিবির ডিলারশিপ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার ডিলাররা। শনিবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।অনতিবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারসহ ডিলারশিপ নবায়নের দাবি জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ডিলার মোস্তাকিম সরকার। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, আহসানুল হক হাসান, আরমান ওয়ালিদসহ অন্যান্য ডিলাররা।
বক্তারা জানান, গত ১ জুন প্রকাশিত টিসিবির ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের আলোকে নিয়োগপ্রাপ্তদের ডিলারশিপ নবায়ন করা হবে না। তারা নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আবেদন করেছিলেন এবং যাচাই-বাছাই প্রক্রিয়াও সম্পন্ন হয়েছিল। অথচ হঠাৎ করে এমন সিদ্ধান্তে তিন জেলার ১২৪ জন ডিলার সংকটে পড়েছেন।
এর মধ্যে দিনাজপুর জেলার ৭২ জন, ঠাকুরগাঁও জেলার ৪২ জন এবং পঞ্চগড় জেলার ১০ জন রয়েছেন।২০২১ সাল থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন দাবি করে তারা বলেন, কোনো ডিলার শর্ত ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের রয়েছে। কিন্তু যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর এই সিদ্ধান্ত বেআইনি ও হঠকারী।
সরকার দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে দেশব্যাপী মানববন্ধন, সচিবালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দিয়েছেন ডিলাররা। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন