রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সরকারি সেলাই মেশিন দিতে টাকা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর

আবু সালেহ মোঃ রায়হান

জুন ৮, ২০২৬, ১১:৫৪ এএম

সরকারি সেলাই মেশিন দিতে টাকা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সরকারি সেলাই মেশিন পাইয়ে দেওয়ার কথা বলে টাকা দাবির অভিযোগ উঠেছে পৌর মহিলা দলের এক নেত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও কল রেকর্ড ছড়িয়ে পড়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।ভাইরাল হওয়া এক মিনিট ১৭ সেকেন্ডের ওই অডিওতে অভিযুক্ত নিশি আক্তারকে এক নারীর কাছ থেকে টাকা দাবি করতে শোনা যায়। 

নিশি আক্তার পৌর মহিলা দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।কথোপকথনের এক পর্যায়ে ওই নারীকে সেলাই মেশিনের জন্য ৬ হাজার টাকা দেওয়ার কথা বলেন নিশি আক্তার। এছাড়া এসএসসির সনদ থাকলে মাটি কাটার সুপারভাইজারের চাকরি দেওয়ার প্রলোভনও দেন তিনি।

দেবীগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক লিপি আক্তার জানিয়েছেন, তিনি অডিওটির বিষয়ে অবগত আছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

অভিযুক্ত নিশি আক্তারের সাথে এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে তিনি সরাসরি দেখা করার আহ্বান জানান। সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা দাবির এই ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।