জুন ৮, ২০২৬, ০৩:৪১ পিএম
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ঠেলে পাঠানোর বা পুশ-ইন করার চেষ্টা করা ১১ জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার বিজিবি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান জানিয়েছেন, সোমবার রাত সাড়ে তিনটার দিকে শূন্যরেখায় অবস্থান করা ওই ব্যক্তিদের সরিয়ে নেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে। মশালগাঁও সীমান্তের ৩৪৯ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব-পিলারের কাছে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশুকে ভারতের অভ্যন্তর থেকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি সদস্যরা তাদের বাধা দিলে উত্তেজনা দেখা দেয়।
এর পর থেকে ওই ১১ জন ব্যক্তি শূন্যরেখার ভারতীয় অংশে আটকে ছিলেন। সংকট নিরসনে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে তাৎক্ষণিক কোনো সমঝোতা হয়নি। সোমবার ভোরে বিএসএফ কর্তৃপক্ষ নিজ ভূখণ্ড থেকে ওই ১১ জনকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন