জুন ৮, ২০২৬, ০৪:৩৩ পিএম
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় রহস্যজনকভাবে মাটি অস্বাভাবিক গরম হয়ে ধোঁয়া ওঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বা বাপেক্স জানিয়েছে, সেখানে গ্যাসের কোনো উপস্থিতি পাওয়া যায়নি।
শুক্রবার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের একটি নির্দিষ্ট স্থানে মাটি স্পর্শ করলে তীব্র তাপ অনুভূত হতে থাকে। ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে বাপেক্সের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালায়। বাপেক্সের ভূতত্ত্ব ও ভূতাত্ত্বিক বিভাগের উপ-ব্যবস্থাপক ইমামুল ইসলাম নিশ্চিত করেছেন যে, পরীক্ষায় গ্যাসের অস্তিত্ব মিলেনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচের কোনো বৈদ্যুতিক সংযোগের স্পার্ক, রাসায়নিক বর্জ্য বা ময়লা-আবর্জনা পচে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই তাপ উৎপন্ন হতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য মাটির চার ফুট গভীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ল্যাবরেটরিতে পরীক্ষার পর এ বিষয়ে চূড়ান্ত তথ্য জানা যাবে।
অস্বাভাবিক এই ঘটনার কারণে হাসপাতাল সংশ্লিষ্ট ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। সুনির্দিষ্ট কারণ নির্ণয় ও পরবর্তী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন