জুন ৮, ২০২৬, ০৯:৫৪ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ মো. রাহিম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জ থানাধীন বাংলাবাজার থেকে গোপালপুরগামী সড়কের গোপালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পরিচালিত এক চেকপোস্টে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রাহিম বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ এলাকার জসিম উদ্দিনের ছেলে।পুলিশ জানায়, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে মোটরসাইকেল আরোহী রাহিমকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় তার কোমরে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এছাড়া, তার ব্যবহৃত মোটরসাইকেলটির কোনো বৈধ রেজিস্ট্রেশন না থাকায় সেটিও জব্দ করা হয়।নোয়াখালী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস এবং এর পেছনে কোনো অপরাধমূলক চক্র জড়িত কি না, সে বিষয়ে তদন্ত চলছে। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন