মে ৯, ২০২৬, ১১:৪৮ পিএম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলভার উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে পীরগঞ্জ-ঠাকুরগাঁও মহাসড়কের পাশে সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব আলমের মিল চাতাল সংলগ্ন লাচ্ছি নদীর দক্ষিণ পাশে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি রিভলভার উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কেউ পালিয়ে গেছে কি না বা অস্ত্রটি কীভাবে সেখানে এল, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
উদ্ধার হওয়া রিভলভারটির মালিকানা বা উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। মহাসড়কের পাশে আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, উদ্ধার করা অস্ত্রটির কোনো মালিকের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।ওসি আরও জানান, অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং এটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
উদ্ধার হওয়া অস্ত্রটি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পুলিশের নিয়মিত টহল ও নজরদারি জোরদারের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে থানার পক্ষ থেকে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন