জুন ৯, ২০২৬, ০২:৩৯ পিএম
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা ও সততা বজায় রাখার কঠোর নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকালে মাদারীপুরের শিবচর উপজেলায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
তিনি স্পষ্টভাবে বলেন, “কোনো অন্যায় বা অনিয়মের কাছে মাথা নত করা যাবে না। পুলিশ সদস্যদের জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমেই বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করা সম্ভব।”
অতিরিক্ত আইজিপি আরও বলেন, আইন সবার জন্য সমান। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটানো জরুরি। তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে নিষ্ঠা, স্বচ্ছতা এবং পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার তাগিদ দেন।
শিবচর সফরকালে তিনি প্রথমে তার বাবা আব্দুর রশিদ মল্লিকের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।রেজাউল করিম মল্লিকের এই বক্তব্য পুলিশ সদস্যদের মাঝে নতুন করে অনুপ্রেরণা ও সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে মনে করছেন স্থানীয়রা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধ দমনে পুলিশকে আরও বেশি জনবান্ধব ও সাহসী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণে তিনি পুলিশ সদস্যদের সতর্ক করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন