জুন ১০, ২০২৬, ০৬:৫৬ পিএম
রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বর্তমানে কাজ করছে বলে জানা গেছে।বুধবার বিকেল ৫টা ৫০ মিনিটে সাত মসজিদ রোডের ওই ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন জানান, মোহাম্মদপুর থানার সাত মসজিদ রোডের সাতাশ নম্বর সড়কের একটি পাঁচ তলা ভবনের ছাদের রুমে এই আগুন লেগেছে।
খবর পাওয়ার পরপরই মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, ছাদের ওই রুমে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো পরিষ্কার নয়।
যে ভবনে আগুন লেগেছে, সেটিতে বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রীর দোকান এবং বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে। বিকেল ৫টা ৫০ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে কাজ করছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন