জুন ১২, ২০২৬, ০২:৫৬ পিএম
বাংলাদেশের উন্নয়নে চীন সব সময় সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১২ জুন) সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপের উদ্যোগে সেখানে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়েও কথা বলেন।অনুষ্ঠানে জেলার প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীনের জনগণ ও সরকার সব সময় উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
চীনের রাষ্ট্রদ্বূতের সঙ্গে তাঁর ব্যক্তিগতভাবে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তিনি নিজেও আগে দুইবার চীন সফর করেছেন। ঠাকুরগাঁওয়ের সামগ্রিক উন্নয়নের জন্য তারা এখন থেকে একসঙ্গে কাজ করতে চান। আগামী দুই-এক বছরের মধ্যে সেখানে বিশেষ চীনা প্রতিনিধি দল পাঠানো হবে। এখানে বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান স্থাপনসহ নানা উন্নয়নমূলক বিষয়ে কাজ করার ব্যাপারে চীনের গভীর আগ্রহ রয়েছে।
শিশুদের শুধু লেখাপড়াই নয়, বরং তাদের জন্য প্রয়োজনীয় উপকরণ ও সুযোগ-সুবিধাও রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। তাদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা ভবিষ্যতে দেশের প্রকৃত সম্পদে পরিণত হতে পারে। নতুন প্রজন্ম নিজেদের পায়ে দাঁড়াতে পারলেই দেশ আরও দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। এই কাজে সহযোগিতা করায় তিনি চীনের রাষ্ট্রদূতকে বিশেষ ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই মিস্টার ইয়াও ওয়েন। এছাড়া ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ বিভিন্ন সরকারি daptarer কর্মকর্তা ও কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন