রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নেত্রকোণায় গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২০, ২০২৬, ০৮:৫১ এএম

নেত্রকোণায় গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নেত্রকোণার মোহনগঞ্জে ভাতিজির বিয়ের আনন্দের মধ্যেই বাড়ির সামনের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই আপন বোনের করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ওনিয়নের পাবই গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু হলো ওই গ্রামের হ্যান্ডট্রলি চালক নিজাম উদ্দিনের মেয়ে নিহা আক্তার এবং নোহা আক্তার।এই আকস্মিক মৃত্যুর ঘটনায় উৎসবের আমেজ রূপ নিয়েছে গভীর বিষাদে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে যে বাড়িতে নিজাম উদ্দিনের আপন ভাতিজির বিয়ের অনুষ্ঠান চলছিল। বিয়ে বাড়ির নানাবিধ ব্যস্ততার কারণে দুই শিশুর মা ও বাবা নিজেদের কাজে অত্যন্ত ব্যস্ত সময় পার করছিলেন। ঠিক সেই সুযোগে সবার অগোচরে দুপুরে বাড়ির সামনের পুকুরে গোসল করতে নেমে পড়ে ৭ বছর বয়সী নিহা এবং ৩ বছর বয়সী নোহা। একপর্যায়ে সাঁতার না জানা ছোট দুই বোন পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পেশায় ট্রলি চালক নিজাম উদ্দিনের এই দুই মেয়ে ছাড়া ঘরে আর কোনো সন্তান নেই।

কিছুক্ষণ পর পুকুরের পানিতে একটি শিশুকে ভেসে থাকতে দেখে স্থানীয় প্রতিবেশীরা চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুকুর থেকে অচেতন অবস্থায় দুই বোনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে দুই শিশুর অকাল প্রয়াণে পুরো এলাকায় বর্তমানে গভীর শোকের ছায়া নেমে এসেছে।