জুন ২১, ২০২৬, ০৮:০২ পিএম
নীলফামারীর জলঢাকা উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় ২ নম্বর ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত চেয়ারম্যানপাড়া এলাকার মৃত সুলায়মানের ছেলে বলে জানা গেছে।
আসামিকে গ্রেপ্তারের পর আজই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।জলঢাকা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত জিআর ১২/২৪ মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি হিসেবে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান ছিল। দীর্ঘদিন ধরে এই মামলাটি তদন্তাধীন ও বিচারাধীন থাকায় তাকে সুনির্দিষ্ট আইনের আওতায় আনতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম জানান, ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম মুকুলের বিরুদ্ধে ২০১৩ সালের একটি আলোচিত হত্যাকাণ্ড বা মুসলিম হত্যা মামলাও বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তবে বর্তমান এই গ্রেপ্তার অভিযানটি মূলত বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত দায়েরকৃত মামলার প্রেক্ষিতেই করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন