রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গাইবান্ধায় স্কুল কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষে নিহত ১

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২১, ২০২৬, ১০:০২ পিএম

গাইবান্ধায় স্কুল কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষে নিহত ১

ছবি-দিনাজপুর টিভি

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে সাইফুল ইসলাম (২২) নামে এক ছাত্রশিবির নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।সাইফুল ইসলাম বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে।রবিবার দুপুরে সোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মুকুলের কথা কাটাকাটি হয়। এ সময় সাইফুল ইসলাম ও সালাউদ্দিন ঘটনাটি নিয়ে প্রতিবাদ জানান বলে জানা যায়। এ ঘটনার একপর্যায়ে মুকুল, তার ভাই পলাশ এবং তাদের সহযোগী আশরাফ ধারালো অস্ত্র দিয়ে সাইফুল ইসলাম ও সালাউদ্দিনের ওপর হামলা চালান। 

এতে তারা গুরুতর আহত হন পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সাইফুল ইসলামকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গুরুতর আহত সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।