জুন ২২, ২০২৬, ০৯:২২ পিএম
গাইবান্ধার সাঘাটা উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত বোনারপাড়া ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার বিকেল ৪টায় বোনারপাড়া সরকারি কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন নিহতের বাবা ও স্থানীয় উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হাবিবুর রহমান।হত্যাকাণ্ডের এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই আশরাফ নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।
জানাজায় অংশ নিয়ে স্থানীয় সর্বস্তরের জনসাধারণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ এই প্রকাশ্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান। সমাবেশে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে বোনারপাড়া চৌমাথা মোড়ে একটি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে যুবদলের সাবেক আহ্বায়ক মুকুলের সঙ্গে স্থানীয়দের বিরোধের সৃষ্টি হয়। সেই সময় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন নামের আরেক যুবক বিষয়টি মীমাংসা করতে এগিয়ে গেলে বাগ্বিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর ক্ষিপ্ত হয়ে মুকুল, পলাশ ও আশরাফ নামের তিন ভাই ধারালো অস্ত্র দিয়ে সাইফুল্লাহ ও সালাউদ্দিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল্লাহকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অপর আহত যুবক সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, পুলিশি অভিযানে ইতিমধ্যে মূল অভিযুক্তদের একজন গ্রেপ্তার হয়েছে এবং বাকিদের ধরতেও অভিযান চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন