জুন ২৪, ২০২৬, ০৭:১৭ পিএম
রংপুরে তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী একটি বিশেষ অংশীজন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রংপুর নগরীর এনজিও ফোরাম মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বা বেলার উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।এতে রংপুর বিভাগের আটটি জেলার সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং আইনজীবীরা অংশ নেন।
কর্মশালায় সর্বমোট ২৬ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়ে তথ্য অধিকার আইনের বিভিন্ন ব্যবহারিক দিক সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। বেলার রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল এ সময় তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করার সঠিক পদ্ধতি বাস্তব উদাহরণের মাধ্যমে তুলে ধরেন। তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে কাঙ্ক্ষিত তথ্য না পেলে আপিল করার নিয়ম এবং খিলের আইনি প্রক্রিয়াগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেন। জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করতে এই আইনের ব্যবহারিক প্রয়োগের ওপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে বেলার প্রোগ্রাম ও ফিল্ড কো-অর্ডিনেটর এএমএম মামুন পরিবেশ, ভূমি, পানি ও জনস্বার্থসংশ্লিষ্ট সাধারণ বিষয়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে মাঠপর্যায়ে সংগঠনের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নাগরিক অংশগ্রহণের গুরুত্বের কথা তুলে ধরেন। এরপর রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো শাহজাহান আলী সরকারি দপ্তরে তথ্য সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতা এবং আবেদন প্রক্রিয়ার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা তিনটি পৃথক দলে বিভক্ত হয়ে তথ্য অধিকার আইনের আওতায় ভিন্ন ভিন্ন বিষয়ে হাতে-কলমে আবেদনপত্র প্রস্তুত ও তা উপস্থাপন করেন।মুক্ত আলোচনায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন হলো জনগণের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার একটি অত্যন্ত শক্তিশালী আইনি হাতিয়ার যার যথাযথ বাস্তবায়নের মাধ্যমেই রাষ্ট্রে প্রকৃত স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা, দুর্নীতি হ্রাস করা এবং গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করা সম্ভব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন