রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আটক, রেস্টুরেন্টে আগুন

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৪, ২০২৬, ১০:৫৪ পিএম

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আটক, রেস্টুরেন্টে আগুন

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে প্রথম শ্রেণির এক শিশুকে শারীরিক নির্যাতনের অভিযোগে আমির উদ্দিন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এই অপ্রীতিকর ঘটনার পর বিক্ষুব্ধ জনতা স্থানীয় একটি ফাস্টফুড রেস্টুরেন্টে অগ্নিসংযোগ করেছে।আগুনে মুহূর্তের মধ্যে পুরো রেস্টুরেন্টটি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার বেলা ১১টার দিকে খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন জাফলং চাইনিজ অ্যান্ড ফাস্টফুড রেস্টুরেন্টে ওই শিশুকে নির্যাতনের ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

ভুক্তভোগী শিশুকে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম জানান, এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আনুষ্ঠানিক অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।