জুন ২৭, ২০২৬, ০৩:০৮ পিএম
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার কোটি কোটি টাকার পাশাপাশি মিলেছে এক ফুটবলপ্রেমীর আবেগঘন চিঠি। শনিবার সকালে দীর্ঘ ছয় মাস পর মসজিদের ১৩টি দানবাক্স খোলা হলে সেখানে রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। দানবাক্সে পাওয়া নানা চিঠির মধ্যে আল্লাহর কাছে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ চেয়ে লেখা এই চিঠিটি সবার বিশেষ নজর কেড়েছে।
লাল-সবুজের পতাকাকে বিশ্বমঞ্চে দেখার এই আকুল প্রার্থনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোড়ন তৈরি করেছে।প্রদর্শন ও মসজিদ কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ৭টায় কঠোর নিরাপত্তার মধ্যে মসজিদের দানবাক্সগুলো উন্মুক্ত করা হয়। এরপর টাকা গণনার জন্য সেগুলো সুশৃঙ্খলভাবে মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়।
সেখানে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনব্যাপী টাকা গণনার কাজে অংশ নেন। বাক্সগুলো খোলার খবর চারদিকে ছড়িয়ে পড়লে ঐতিহাসিক এই মসজিদ এলাকায় বিপুল সংখ্যক উৎসুক মানুষের ভিড় জমে যায়।
উক্ত চিঠিতে এক স্বপ্নবাজ ফুটবলপ্রেমী লাল-সবুজের পতাকাকে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে ওড়ানোর ইচ্ছা ব্যক্ত করেছেন। তিনি পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেছেন যেন দেশের ফুটবলের সার্বিক উন্নতি হয় এবং খেলোয়াড়রা বিশ্বমঞ্চে গৌরবের সাথে দেশের নাম উজ্জ্বল করার তাওফিক পান। এই সংক্ষিপ্ত কিন্তু গভীর আকুতির চিঠিটি সাধারণ দর্শনার্থী ও গণনাকারীদের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে।
এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্সগুলো খোলা হলে রেকর্ড ৩৫ বস্তা টাকা পাওয়া গিয়েছিল, যার পরিমাণ ছিল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। সেবার মাত্র ৩ মাস ২৭ দিনে ওই পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা, সোনা ও রুপা জমা পড়েছিল। এবার দীর্ঘ ছয় মাস পর বাক্সগুলো খোলায় পূর্বের সকল রেকর্ড ভেঙে এক নতুন মাইলফলক তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে ব্যাংক কর্মকর্তারা ধারণা করছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন