শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

ফতুল্লায় ঝুটের গুদামে ভয়াবহ আগুন, ৪০ লাখ টাকার ক্ষতি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১, ২০২৬, ০৩:৩০ পিএম

ফতুল্লায় ঝুটের গুদামে ভয়াবহ আগুন, ৪০ লাখ টাকার ক্ষতি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১ জুলাই বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় অবস্থিত ‘মা মারজান এন্টারপ্রাইজ’ নামের ওই ঝুটের গুদামে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে প্রায় ১৫০ ফুট দীর্ঘ ঝুটের গুদামটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। 

এর পাশাপাশি আগুনের তীব্রতায় পাশের একটি চায়ের দোকান এবং একটি কাঠের দোকানেরও আংশিক ক্ষতি সাধিত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই প্রাথমিকভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস বিভাগের পক্ষ থেকে সন্দেহ করা হচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান, সকালে হঠাৎ গুদাম থেকে কালো ধোঁয়া বের হতে দেখে তারা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে যান। 

কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে আশেপাশের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দারা দ্রুত তাদের ঘরের মূল্যবান আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত চলছে।