জুলাই ২, ২০২৬, ০৮:৩৪ পিএম
গাইবান্ধার সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি মোখলেছুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে গাজীপুরের হারিকেন কোম্পানি এলাকা থেকে সাঘাটা থানা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে আলোচিত এই হত্যা মামলায় মোট ৫ জন আসামিকে পুলিশি হেফাজতে নেওয়া হলো। বৃহস্পতিবার সকালে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় এখন পর্যন্ত মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে সাইফুল্লাহ বারীকে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওইদিন বিকেলে মোখলেছুর রহমান মুকুল ও তার সহযোগীরা সাইফুল্লাহর ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন। নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। হত্যাকাণ্ডের পরদিন নিহতের বাবা হাবিবুর রহমান সাঘাটা থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৪ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করেন।
গ্রেপ্তার মোখলেছুর রহমান মুকুল বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন, তবে ঘটনার পর জেলা যুবদল তাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করে। ঘটনার পরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ জনতা আসামির বাড়িতে অগ্নিসংযোগ করে। প্রতিবাদে রাজধানীসহ গাইবান্ধার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালন করে ইসলামী ছাত্রশিবির।
পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ওসি মাহবুব আলম জানিয়েছেন, প্রধান আসামিসহ অন্য চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা চলমান রয়েছে। ঘটনার নেপথ্যের কারণ ও জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন